ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত এক যুবকের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে থামিয়ে এক যুবক ও এক যুবতী চা খেতে নামেন। এ সময় স্থানীয়রা ওই যুবককে গাড়িটি সাইড করে দাঁড় করানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে যুবকটি গাড়িতে গিয়ে একটি পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
পরে ওই যুবক ও যুবতী প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনার দিকে চলে যান। যাওয়ার সময় ওই যুবক নিজেকে ‘গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে’ বলে পরিচয় দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলে জানান তিনি।
জ/উ