অনলাইন ডেস্ক

ফিচার

2026-07-14T17:10:21+06:00
2026-07-14T17:10:21+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ফিচার
উইকিপিডিয়ার তথ্য কতটা নির্ভরযোগ্য?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম 
বিশ্বজুড়ে তথ্য খোঁজার অন্যতম জনপ্রিয় মাধ্যম উইকিপিডিয়া। সাধারণ তথ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে অনেকেই এই অনলাইন বিশ্বকোষের ওপর নির্ভর করেন। তবে সাম্প্রতিক সময়ে ভারতে একটি আইনি বিরোধকে কেন্দ্র করে উইকিপিডিয়ার কার্যক্রম ও তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কীভাবে পরিচালিত হয় উইকিপিডিয়া?
উইকিপিডিয়া একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ, যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এটি অলাভজনক প্রতিষ্ঠান ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ পরিচালনা করে। বর্তমানে এতে ৬ কোটিরও বেশি নিবন্ধ রয়েছে এবং বিশ্বের বিভিন্ন ভাষায় তথ্য প্রকাশিত হয়।

উইকিপিডিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যে কেউ নতুন নিবন্ধ তৈরি বা বিদ্যমান নিবন্ধ সম্পাদনা করতে পারেন। এ কারণে এটি একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক তথ্যভান্ডার হিসেবে পরিচিত।

কারা লেখেন?
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন লাখ স্বেচ্ছাসেবক উইকিপিডিয়ার নিবন্ধ তৈরি ও সম্পাদনার কাজে যুক্ত রয়েছেন। তারা বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে নিবন্ধ হালনাগাদ করেন। উইকিমিডিয়া ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এসব স্বেচ্ছাসেবক কোনো পারিশ্রমিক পান না এবং চাইলে পরিচয় গোপন রাখতে পারেন।

তথ্য যাচাইয়ের ব্যবস্থা
উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্যের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়। নতুন বা যাচাইবিহীন তথ্য প্রকাশের সুযোগ নেই। নিবন্ধে ব্যবহৃত তথ্যের পক্ষে নির্ভরযোগ্য প্রকাশিত সূত্র উল্লেখ করতে হয়।

এ ছাড়া সম্পাদক, প্রশাসক এবং স্বয়ংক্রিয় বটের মাধ্যমে নিবন্ধগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে অভিজ্ঞ সম্পাদকরা আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন করেন।

কতটা নির্ভরযোগ্য?
উইকিপিডিয়া নিজেই পরামর্শ দেয়, একে কোনো বিষয়ে চূড়ান্ত বা প্রাথমিক তথ্যসূত্র হিসেবে ব্যবহার না করে বরং নিবন্ধে উল্লেখিত মূল তথ্যসূত্র থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, বহুল আলোচিত ও জনপ্রিয় বিষয়গুলোর নিবন্ধ সাধারণত বেশি নির্ভরযোগ্য হয়, কারণ সেগুলো নিয়মিত পর্যালোচনা ও সংশোধন করা হয়। তবে কম পরিচিত বা নতুন বিষয়ের ক্ষেত্রে তথ্য যাচাই করে নেওয়া অধিকতর গুরুত্বপূর্ণ।

পক্ষপাতিত্বের অভিযোগ
উইকিপিডিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, কিছু বিষয়ে নিবন্ধের উপস্থাপনায় ভারসাম্যের ঘাটতি থাকতে পারে। তবে উইকিমিডিয়া ফাউন্ডেশন বলছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে তাদের নীতিমালা অনুযায়ী নিবন্ধ নিয়মিত পর্যালোচনা ও সংশোধন করা হয়।

অর্থায়ন কীভাবে হয়?
উইকিপিডিয়ায় কোনো বিজ্ঞাপন প্রদর্শন করা হয় না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রিও করা হয় না। প্ল্যাটফর্মটি মূলত বিশ্বজুড়ে ব্যবহারকারীদের স্বেচ্ছামূলক অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে তারা ১৮ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান পেয়েছে।

বিভিন্ন দেশে বিধিনিষেধ
বিশ্বের কয়েকটি দেশে উইকিপিডিয়ার ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে। কিছু দেশে এটি সম্পূর্ণ নিষিদ্ধ, আবার কোথাও নির্দিষ্ট কিছু নিবন্ধে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এসব পদক্ষেপ মূলত সংশ্লিষ্ট দেশের আইন, নীতিমালা বা স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়েছে।

জ/উ






Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]