জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T13:31:37+06:00
2026-08-08T13:31:37+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিতিশীলতার ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম 
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্য থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনও সক্রিয় রয়েছে। অতীতে নেওয়া অপরিকল্পিত বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এসব সমস্যা সংশোধন করে দেশকে সংকট থেকে বের করে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যসেবা নীতির মূল লক্ষ্য ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’-অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে সরকার দেশে ১ লাখ ‘হেলথ ওয়ার্কার’ বা স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের নেতৃত্বে এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন ও সতর্ক করার কাজ করবেন।

চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু রাষ্ট্রের বিভিন্ন বিষয়কে প্রভাবিত করে, তাই শিক্ষার্থী, শিক্ষক বা পেশাজীবীদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকা কিংবা রাজনৈতিকভাবে সংগঠিত থাকা অযৌক্তিক নয়।

তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে ড্যাবের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি সরকার বিবেচনা করবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বল্পতম সময়ে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছরে উন্নীত করা, অবসরের বয়সসীমা ৬১ থেকে ৬৫ বছর করা, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন, উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের বিশেষ ভাতা এবং বেসরকারি খাতের চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো নির্ধারণের দাবিগুলো অযৌক্তিক নয়। এসব বিষয় সরকারের বিবেচনায় থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব ‘ই-হেলথ কার্ড’ চালু এবং দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব চিকিৎসকের সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য আর কাউকে বিদেশমুখী হতে হবে না।’

চিকিৎসক সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্টরা।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]