ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই তার পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। গত এক দশকে ফিফার নেতৃত্বে ফুটবলের উন্নয়ন ও স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা সম্প্রতি প্রস্তাব করেছিলেন ইনফান্তিনো। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে এসে দুঃখ প্রকাশ করে ফিফা।
এর মধ্যেই আগামী বছরের ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা ইনফান্তিনোর ওপর থেকে কয়েকটি দেশের সমর্থন কমতে শুরু করেছে। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াসহ বেশ কয়েকটি দেশ তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে খোলা চিঠি দিয়েছে এএফএ। সংস্থাটি বলেছে, গত এক দশকে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ফিফার কার্যক্রম প্রশংসনীয়।
বিতর্কিত প্রস্তাব ঘিরে ভুল ও বিভ্রান্তি তৈরি হওয়ার বিষয়টিও স্বীকার করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তাদের মতে, বর্তমান নেতৃত্বের অধীনেই সংকট কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।
এএফএ এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবটি অনেক অনিশ্চয়তা তৈরি করেছিল এবং প্রক্রিয়াগত কিছু ভুলও হয়েছিল। তবে আমরা মনে করি, বর্তমান নেতৃত্বের অধীনেই আগামী বছরের কংগ্রেসকে সামনে রেখে সংকট কাটিয়ে একযোগে কাজ করে যাওয়া উচিত।
এর আগে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ফিফার ২১১ সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করবে।
আর্জেন্টিনার পাশাপাশি সদ্য সমাপ্ত বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো এবং আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্যাফও ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।
তবে ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফা আয়োজিত টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে তারা এখনো অনড় রয়েছে।
আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোও পুরো ঘটনাকে ফিফা সভাপতির ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছে। তবে ফিফার দাবি, প্রস্তাবটি তাদের কোনো মূল বিধান লঙ্ঘন করেনি; বরং পুরো প্রক্রিয়ায় যোগাযোগগত কিছু ভুল হয়েছিল।
ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্ব ফুটবলে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে উয়েফাসহ কয়েকটি দেশ ও সংগঠন তার বিরোধিতা করছে, অন্যদিকে আর্জেন্টিনা, কনমেবল, মেক্সিকো ও ক্যাফের মতো গুরুত্বপূর্ণ পক্ষগুলো এখনো ফিফা সভাপতির পাশে রয়েছে।
জ/শা