মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর আগে তার গলফ ক্লাবের বাইরে থেকে এক সশস্ত্র সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বডি আর্মার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, গত সপ্তাহান্তে ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’-এর বাইরে ৩৮ বছর বয়সী জেনিন জন তেলিকে আটক করা হয়। সে সময় ট্রাম্প ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানে করে র্যাঞ্চো পালোস ভার্দেসের ওই গলফ ক্লাবে একটি নৈশভোজে যোগ দিতে যাচ্ছিলেন। নিরাপত্তা কর্মকর্তারা তেলিকে গলফ কোর্সের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং ছবি-ভিডিও ধারণ করতে দেখে সন্দেহ করেন।
কর্তৃপক্ষ জানায়, লুকিয়ে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদ বহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের নভেম্বরের একটি ডাকাতি মামলাতেও তিনি এল সেগুন্ডো পুলিশের সন্দেহভাজন।
মঙ্গলবার আদালতে ডাকাতি ও অস্ত্র-সংক্রান্ত মোট চারটি অভিযোগে তেলি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন ২ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে গলফ ক্লাব থেকে দূরে থাকার নির্দেশ দেন।
এদিকে, এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্কফোর্স তেলির বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবর্তিত এআর-স্টাইল রাইফেল, .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, গোলাবারুদ, রেডিও ডিভাইস এবং উদ্বেগজনক তথ্যসংবলিত কিছু নোটবুক উদ্ধার করেছে।
মার্কিন সিক্রেট সার্ভিস ও এফবিআই তদন্ত করছে, তেলি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কোনো নিরাপত্তা হুমকি ছিলেন কি না। তবে শেরিফ বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হামলার কোনো পরিকল্পনা বা সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।
জ/উ