ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বলেছেন, স্বাধীনতার অর্থ নিজের ইচ্ছামতো যা খুশি করা নয়; বরং এর সঙ্গে দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকার গভীরভাবে জড়িত। তিনি মনে করেন, দেশের ইতিহাস, রাষ্ট্রগঠন ও স্বাধীনতার প্রকৃত তাৎপর্য সম্পর্কে তরুণ প্রজন্মের আরও গভীর উপলব্ধি প্রয়োজন।
গতকাল শনিবার (১ আগস্ট) পুনেতে ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার-২০২৬’ গ্রহণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডোভাল। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হাতে এ সম্মাননা তুলে দেন।
বক্তব্যে ডোভাল বলেন, লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সময়কার সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা বর্তমান প্রজন্মের জন্য পুরোপুরি অনুধাবন করা সহজ নয়। তিনি তরুণদের তিলকের আদর্শ, রাষ্ট্রগঠনে তার অবদান এবং আত্মত্যাগের চেতনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করে ডোভাল বলেন, গণতান্ত্রিক অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামাজিক স্থিতিশীলতা, রাষ্ট্রগঠন এবং দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি দায়িত্বশীল থাকাও সমান জরুরি।
সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে তার এ বক্তব্য আসে। ওই আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
ডোভাল আরও বলেন, ভারত বর্তমানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ সময় দেশের যুবসমাজকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সূত্র: এনডিটিভি
জ/উ