পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
গতকাল রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন এ এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, থানার প্রবেশমুখে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ফিদা হুসেইন বলেন, বিস্ফোরণের সময় পাশের একটি মোড়ে কয়েকশ মানুষ এলাকায় বাড়তে থাকা সহিংসতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করছিলেন। সমাবেশের শেষ বক্তার বক্তব্য চলাকালেই বিস্ফোরণ ঘটে, এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করেছে। আহতদের সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে সামরিক অভিযানের আগে সোয়াত উপত্যকা পাকিস্তানি তালেবানের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
জ/উ