স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-01T09:11:07+06:00
2026-08-01T09:11:07+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
খেলাধুলা
ভিনিসিয়ুসকে চূড়ান্ত প্রস্তাব রিয়ালের, সিদ্ধান্ত না এলে বিক্রির ইঙ্গিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১১ এএম 
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিনের আলোচনা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভিনিসিয়ুসের। প্রস্তাবে সম্মতি না এলে চলতি দলবদল উইন্ডোতেই তাকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে ক্লাবটি।

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি নবায়ন না হলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রি-কন্ট্রাক্ট স্বাক্ষর করতে পারবেন এবং মৌসুম শেষে কোনো ট্রান্সফার ফি ছাড়াই রিয়াল ছাড়ার সুযোগ পাবেন।

এ পরিস্থিতি এড়াতেই ২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে চায় স্প্যানিশ জায়ান্টরা। ক্লাব সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসকে দেওয়া প্রস্তাবই রিয়ালের শেষ প্রস্তাব। বেতন কিংবা চুক্তির অন্য কোনো শর্তে আর পরিবর্তন আনার পরিকল্পনা নেই ক্লাবটির।


আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোচ জোসে মরিনিয়োর নতুন প্রকল্পে ভিনিসিয়ুসকে রাখতে আশাবাদী রিয়াল। তবে সমঝোতা না হলে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই তাকে বিক্রির সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অন্যদিকে, স্প্যানিশ দৈনিক এএস–এর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের অগ্রাধিকার এখনো রিয়াল মাদ্রিদেই থাকা। তিনি নতুন চুক্তিতে আগ্রহী হলেও নতুন প্রকল্পে নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট নিশ্চয়তা এবং দলে নিজের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধির প্রত্যাশা করছেন। এ পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ও লিভারপুল।


ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। তিনি ২০২২ সালে নতুন চুক্তিতে সই করলেও সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২০২৩ সালের অক্টোবরে। এরপর দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও, আক্রমণভাগে কিলিয়ান এমবাপেকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন এই ব্রাজিলিয়ান তারকা।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। তার বর্তমান চুক্তিতে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। ২০২১-২২ ও ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া ২০২৪ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট জিতে ব্যক্তিগত সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেন।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]