লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-07-30T14:15:06+06:00
2026-07-30T14:15:42+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
লাইফ স্টাইল
ডানহাতির প্রাধান্যের রহস্য উন্মোচনে বৈজ্ঞানিক বিশ্লেষণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ২:১৫ পিএম
পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ মানুষ দৈনন্দিন কাজকর্মে ডান হাত ব্যবহার করেন। লেখা, খাওয়া কিংবা বিভিন্ন সূক্ষ্ম কাজে ডান হাতের এই প্রাধান্যের পেছনে রয়েছে মানব মস্তিষ্কের গঠন, বিবর্তনের দীর্ঘ ইতিহাস এবং ভাষার বিকাশের মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ।

যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ নাটালি উয়োমিনি জানান, ইতিহাসে এমন কোনো মানবগোষ্ঠীর সন্ধান পাওয়া যায়নি, যেখানে বামহাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল। মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধ শরীরের ডান দিক এবং ডান গোলার্ধ শরীরের বাম দিক নিয়ন্ত্রণ করে। এই স্নায়বিক বিন্যাসের কারণেই অধিকাংশ মানুষের ডান হাত বেশি দক্ষ হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের দুই গোলার্ধের এই কাজের বিভাজনের ইতিহাস প্রায় ৫০ কোটি বছরের পুরোনো। বাম গোলার্ধ নিয়মিত ও অভ্যাসগত কাজ পরিচালনা করে, আর ডান গোলার্ধ পরিবেশের আকস্মিক পরিবর্তন বা বিপদের প্রতিক্রিয়া জানায়। মাছ, ব্যাঙ ও পাখিসহ বিভিন্ন প্রাণীর মধ্যেও এ ধরনের পক্ষপাতের প্রমাণ পাওয়া গেছে।


'জার্নাল অব হিউম্যান ইভোলিউশন'-এ প্রকাশিত এক গবেষণায় জ্ঞানবিজ্ঞানী স্টেফানি ব্র্যাকিনি ও তার সহকর্মীরা উল্লেখ করেছেন, মানুষের পূর্বপুরুষরা দুই পায়ে সোজা হয়ে হাঁটা শুরু করার পর হাত দুটি নতুন কাজে ব্যবহারের সুযোগ পায়। তখন থেকেই একটি হাতকে বেশি ব্যবহারের প্রবণতা গড়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জিরা চার পায়ে চলার সময় নির্দিষ্ট কোনো হাতের প্রতি পক্ষপাত দেখায় না, তবে সোজা হয়ে দাঁড়ালে একটি হাত বেশি ব্যবহার করতে শুরু করে।

প্রাচীন পাথরের হাতিয়ার বিশ্লেষণেও ডানহাতির প্রাধান্যের বিবর্তনগত প্রমাণ মিলেছে। কেনিয়ার কুবি ফোরায় প্রায় ১৫ লাখ বছর আগের হাতিয়ারে ডানহাতি ব্যবহারের কিছু নিদর্শন পাওয়া গেছে। আর প্রায় ছয় লাখ বছর আগে হোমো হাইডেলবার্গেনসিস প্রজাতির ক্ষেত্রে ডানহাতির প্রাধান্য আরও স্পষ্ট হয়ে ওঠে।

বিজ্ঞানীদের একটি বহুল আলোচিত ব্যাখ্যা হলো ‘হোমো লোকোয়েন্স’ তত্ত্ব। এ তত্ত্ব অনুযায়ী, সোজা হয়ে হাঁটার ফলে মস্তিষ্কে যে পার্শ্বীয় বিশেষায়ন (lateralization) তৈরি হয়, ভাষার বিকাশ তা আরও শক্তিশালী করে। যেহেতু ভাষা প্রক্রিয়াকরণ এবং ডান হাত নিয়ন্ত্রণ-দুটিই প্রধানত মস্তিষ্কের বাম গোলার্ধে পরিচালিত হয়, তাই ভাষার বিকাশ ডানহাতির আধিক্য বাড়াতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। তবে এ তত্ত্ব সরাসরি প্রমাণ করা সম্ভব নয়।


অন্যদিকে, বামহাতি হওয়া কোনো দুর্বলতার লক্ষণ নয়। ১৯৭৭ সালে সাইকোলজিক্যাল বুলেটিন-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, বামহাতিদের কোনো জ্ঞানগত ঘাটতির প্রমাণ নেই। বরং কিছু গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে আঘাতের পর তারা তুলনামূলক দ্রুত সুস্থ হতে পারেন। এছাড়া বক্সিং, কুস্তির মতো লড়াইভিত্তিক খেলায় বামহাতিদের অতর্কিত আক্রমণের কৌশল প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

গবেষকদের মতে, মানুষের ক্ষেত্রে ডানহাতির এত ব্যাপক আধিপত্য বিবর্তনের ইতিহাসে একটি বিরল বৈশিষ্ট্য। ভাষার বিকাশ, সরঞ্জাম তৈরির দক্ষতা এবং দুই পায়ে সোজা হয়ে হাঁটার মতো গুরুত্বপূর্ণ বিবর্তনীয় পরিবর্তনের সম্মিলিত প্রভাবেই এই প্রবণতা গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

জ/উ






Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]