প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

বিশেষ প্রতিনিধি

জাতীয়

2026-07-30T11:57:16+06:00
2026-07-30T11:57:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৫৭ এএম 
প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন।

সংশ্লিষ্টদের মতে, এই সফরের অন্যতম উদ্দেশ্য হবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চায় ওয়াশিংটন।

সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফরে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারেন। একই সঙ্গে ভারত সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা বাংলাদেশ সরকারের মাধ্যমে পৌঁছে দেওয়ার বিষয়ও আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, এ বিষয়ে ঢাকার অবস্থান, পাশাপাশি রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা সম্পর্কেও যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা।

এর আগে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠকে সার্জিও গোরও উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ আলোচনা করে।

উল্লেখ্য, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]