ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। তাদের অভিযোগ, ফিফার কিছু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮জুলাই) ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তারা ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পর্যালোচনায় আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ পর্যন্ত ৩৫ জন আইনপ্রণেতা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিতে বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ‘বালোগান’–সংক্রান্ত মামলার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুস, লারা ভল্টার্স এবং নিলস ফুগলস্যাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালে লাল কার্ড–সংক্রান্ত নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে এক ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান সরাসরি লাল কার্ড পাওয়ার পর। পরে ফিফা সংশ্লিষ্ট আইনি বিধানের আওতায় তার নিষেধাজ্ঞা স্থগিত করলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, চলমান ফিফা বিশ্বকাপে রেফারিং, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা চলছে। এসব অভিযোগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা উত্থাপন করেছেন।
জ/উ