প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দ্বীপজেলা ভোলার ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা তৃতীয় কূপ ভোলা নর্থ-৩-এর দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ স্তর থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু করা হয়।
বাপেক্স জানায়, গত ১৫ নভেম্বর সকালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ ভোলা নর্থ-৩-এর প্রথম স্তরে ড্রিল স্টেম টেস্ট করা হয়। ওই স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
এরপর রোববার সন্ধ্যায় একই কূপের ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু করা হয়।
বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। পরে ১৪ নভেম্বর পারফোরেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। এর পরদিন, ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু হয়।
ভোলা নর্থ-৩ কূপে চূড়ান্ত গ্যাসের মজুদের পরিমাণ কত, তা ড্রিল স্টেম টেস্টের কার্যক্রম শেষ হওয়ার পর জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।
প্রসঙ্গত, ভোলা জেলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্রে মোট ১০টি কূপ রয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।