রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে সবচেয়ে কম সুদে ঋণ দেয়। এ কারণে সংস্থাটির কাছ থেকে ঋণ নেওয়া হয়।
তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করতে সরকার প্রকল্প গ্রহণ করছে। এর অংশ হিসেবে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
বৈঠকে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়া উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।