ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস। ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডকে পত্রিকাটি ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং ২২ নভেম্বর হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় প্রাণ হারানো এক বাসসহকারী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে।
হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে সহিংসতা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
জেলার অস্থিরতার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে খুলে দেওয়ার আগে সড়কটি টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযানের ঘটনায় বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।
সূত্র: বাসস