গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের অন্তত দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শাখা দুটি হলো সদর উপজেলার উলপুর ও টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি। গতকাল রোববার সন্ধ্যায় পৃথক সময়ে দুর্বৃত্তরা শাখা দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে শাখা দুটির গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ টাকা পুড়ে গেছে।
গ্রামীণ ব্যাংকের উলপুর শাখার ব্যবস্থাপক আফরোজা আখতার নিমা জানান, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং ডিস্ক নিয়ে যায়। ব্যাংকের কর্মীরা অক্ষত থাকলেও সবাই আতঙ্কিত। বিষয়টি গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজারকে জানানো হয়েছে।
টুঙ্গিপাড়া শাখার সেকেন্ড অফিসার লাভলু বলেন, শাখার সব নথিপত্র ও টাকা পুড়ে গেছে। দুর্বৃত্তরা সন্ধ্যার আগে ব্যাংকে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ভয়ে তাঁরা দৌড়ে বাইরে বেরিয়ে যান। কর্মীরা সুস্থ আছেন। তিনি আরও বলেন, গত ১০ নভেম্বর দুর্বৃত্তরা ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। এরপর থেকে তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া সদর উপজেলার ঘোনাপাড়ায় বিএনপি নেতাদের দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি বাস কাউন্টারেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে রোববার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধরপাকড় ও তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত কয়েক দিন ধরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে তাঁরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে প্রায় আড়াই বছর পর ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা।
অন্যদিকে পাটগাতি সেতুর গোড়ায় গহরডাঙ্গা চোরঙ্গী মোড়ে কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন সকালে গোপালগঞ্জ জেলা শহরের কাড়ারগাতি এলাকায় ৭ মার্চ চত্বরে জড়ো হন জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু ও হামিজুর রহমানসহ কয়েকজনের নেতৃত্বে তাঁরা সেখানে জড়ো হন।
জেলার দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় চাহিদা অনুযায়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুধু গোপালগঞ্জ জেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জ/দি