গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার বিকেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রায় দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও।
এদিকে জেলার রাস্তাঘাটের বেশিরভাগই ফাঁকা ছিল। বিশেষ করে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি কাজ করছে। এ ছাড়া মাঠে রয়েছে এপিসি ও ড্রোন। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মহড়া দিতে দেখা গেছে। গত রোববার যেসব আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল, পরদিন তাঁদের আর দেখা যায়নি।
অন্যদিকে, জেলার টুঙ্গিপাড়ায় দীর্ঘ আড়াই বছর পর গত রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রবেশ করেন। সেখানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা। উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম শপথবাক্য পাঠ করান।
আজ সোমবার টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ এখন থেকে সবার জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেন।
জ/দি