আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ, মজুরি বোর্ডের তৃতীয় সভায় নজর

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-16T17:33:51+06:00
2026-11-16T17:33:51+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ, মজুরি বোর্ডের তৃতীয় সভায় নজর
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩৩ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন দেওয়া হবে না-পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মধ্যেও আজ সোমবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও এপিসি। তবে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আজ তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। এ কারণে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন এলাকার শ্রমিকদের নজর এখন মজুরি বোর্ডের বৈঠকের দিকে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ায় বন্ধ থাকা ৫৪টি তৈরি পোশাক কারখানার মধ্যে ১৪টি অনির্দিষ্টকালের জন্য, ৩৫টি শ্রম আইনের ১৩ (১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে এবং বাকি পাঁচটি মৌখিক ঘোষণায় বন্ধ রাখা হয়েছে। এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলছে।

নোটিশে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

এর আগে গত শনিবার এক জরুরি বিশেষ বৈঠকে বিজিএমইএ জানায়, আন্দোলন ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান স্পষ্ট করে বলেন, কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার মতো অনিবার্য পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ।

তিনি বলেন, মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে-এ দুটি একসঙ্গে হতে পারে না।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, আশুলিয়ার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় যেসব কারখানা বন্ধ রয়েছে, সেই বিধান অনুযায়ী কারখানা যত দিন বন্ধ থাকবে, তত দিন শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করা, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায্যভাবে ছাঁটাই বাতিল-এই তিন দফা দাবিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এর মধ্যে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। আজকের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার পর মজুরি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসে কি না, এখন সেই অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত