কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটি শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট হয়নি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি নেই। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তাতে ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়েছে। দলটি ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এর দায় সরকারের না হলেও দেশের দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
এ সময় বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।
জ/দি