ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ হওয়ার কথা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়টি এখন অত্যন্ত তুচ্ছ ও অপ্রাসঙ্গিক।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষ থেকে পাসপোর্ট ও ভিসা চাওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আইনগতভাবে ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো ব্যক্তির নিজ দেশে কোনো অভিযোগ না থাকলে তিনি বিদেশে অবস্থানকালে পাসপোর্ট না থাকলে আবেদন করে স্বেচ্ছায় দেশে ফিরতে পারেন। এটিই প্রত্যাবর্তন। অন্যদিকে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নিজ দেশে রাষ্ট্রীয় মামলা ও দণ্ড থাকলে দুই দেশের আইনি চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ কার্যকর হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নাম উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজদের হত্যা করেছেন। তাই তাঁর ভিসা, পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড চাওয়ার বিষয়টি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তাঁর ক্ষেত্রে প্রত্যাবর্তনের প্রশ্ন আসে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছিল। তবে নাগরিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে।
তিনি বলেন, ৩ নভেম্বর খালেদ মোশাররফ সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করেছিলেন। তবে জনগণ ও সাধারণ সৈনিকদের সমর্থন না থাকা এবং আধিপত্যবাদী শক্তির পুনর্বাসন ও বাকশাল ফিরে আসার আশঙ্কায় ৭ নভেম্বর সিপাহী-জনতা রাজপথে নেমে আসেন।
রিজভীর ভাষ্য, ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্ষীবাহিনীর অত্যাচার ও একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটান। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হওয়ার পর হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেন। সে সময় জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দীর্ঘ নয় বছরের আপসহীন আন্দোলনের মাধ্যমে ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে, যার সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের মিল রয়েছে। তাঁর অভিযোগ, গুম, খুন ও গুপ্তহত্যাকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করা হয়েছিল। এর বিরুদ্ধে আপসহীন আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয় এবং খাবারে বিষ মিশিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে আরও গতিশীল করেন। এর ফলে ২০২৪ সালের জুলাইয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক এবং শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। তাঁর মতে, এই মহাবিপ্লবের অন্তর্নিহিত প্রেরণাও ছিল ৭ নভেম্বর।
রিজভী বলেন, যুগে যুগে ৭ নভেম্বর গণতন্ত্রকামী মানুষ ও ছাত্রসমাজকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। বাংলাদেশে যেন আর কখনো কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শাসকের জন্ম না হয়, সে জন্য অর্জিত গণতান্ত্রিক ধারাকে আরও বিকশিত করতে হবে।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ/শা