অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের কষ্ট লাঘব ও তাঁদের আত্মনির্ভরশীল করে তুলতে নীলফামারী জেলা পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করেছেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
নীলফামারী জেলা পরিষদের তথ্য বলছে, গেল সপ্তাহ জুড়ে জেলা পরিষদের উদ্যোগে এবং তহবিল হতে জেলার বিভিন্ন উপজেলার অসহায় দরিদ্র ও শারিরীক প্রতিবন্ধী মানুষদের কষ্ট লাঘবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ চত্ত্বরে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী মামুন উর রশীদসহ জেলা জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জানতে চাইলে, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হুইলচেয়ার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাঁদের স্বজনেরা। দীর্ঘদিন ধরে চলাফেরায় চরম দুর্ভোগে থাকা এই মানুষগুলো বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।