শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরও থাকবে। আর এ দিনের নায়ক হিসেবে থাকবেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা এ দেশের মানুষই অর্জন করেছে। সেটি ছিল জনযুদ্ধ, যেখানে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। দেশমাতৃকার টানে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জিয়াউর রহমানকে জানতে হলে ইতিহাস পড়তে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে তাঁর জীবনী তুলে ধরতে হবে। তাঁর আদর্শ রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা করতে হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জ/দি