সৌদিতে আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার আহ্বান ধর্মমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T18:13:34+06:00
2026-11-07T18:13:34+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সৌদিতে আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার আহ্বান ধর্মমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:১৩ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় ধর্মমন্ত্রী ও জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। গণতন্ত্র রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে দিবসটির গুরুত্ব উল্লেখ করে তিনি প্রবাসী বাংলাদেশিদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, এ দেশের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে সবাইকে প্রচলিত আইন-কানুন মেনে চলতে হবে। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সৌদি সরকারের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যও তুলে ধরেন।

প্রবাসীদের উদ্দেশে কনসাল জেনারেল বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও মর্যাদা রক্ষায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেদ্দা বিএনপির নেতারাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি খেফায়েত উল্লাহ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তাঁরা। একই সঙ্গে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমানের জেদ্দা অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত