গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিজানুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার সাতপাড় ইউনিয়ন ভূমি অফিসের বিপরীত পাশে পারিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়। এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াও হামলার অন্যতম কারণ বলে অভিযোগ রয়েছে। মারধরে গুরুতর আহত হলে তাঁকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় শুভ, খাদিজা, রাজিব, রবেন, হৃদয়, সুব্রত, রাজিবের স্ত্রী, রবিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে দায়িত্ব দিয়েছেন। তবে পুলিশ কর্তৃপক্ষ এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।