শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি।
এর আগে খুলনা স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান। এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু-কিশোররা। প্রধানমন্ত্রীও মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের প্রতিযোগিতা। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরদের মধ্যে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গত ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের উদ্বোধন করা হয়েছিল। দ্বিতীয় আসরে খুলনায় এ কর্মসূচিতে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জ/উ