পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রমিকদের চলমান আন্দোলন এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রমে অগ্রগতি আনতেই এ সভা আয়োজন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার।
মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছেন তাঁরা। আগামীকালই সভাটি অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।
তিনি আরও বলেন, ‘আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা জাগোনিউজকে জানান, মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনের মাধ্যমে জানানো হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।
এর আগে রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জ/শা