নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আশরাফুল ইসলাম আকন্দ। ইউনিয়নের বাগজান গ্রামের বাসিন্দা তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
আশরাফুল ইসলাম আকন্দ তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছাওার আকন্দের ছেলে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ ছাড়া তিনি সাবেক নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশরাফুল ইসলাম আকন্দ। ওই নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর পরিচিতি ও সমর্থকগোষ্ঠী তৈরি হয়। আসন্ন নির্বাচন সামনে রেখে তাঁর সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ডে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নিজের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আশরাফুল ইসলাম আকন্দ বলেন, ‘তিয়শ্রী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার লক্ষ্য মাদক ও দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থা আমার কাছে অনেক বড় অর্জন।’
আশরাফুল ইসলামের ঘনিষ্ঠজনদের দাবি, তিয়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর নিজস্ব সমর্থকগোষ্ঠী ও ভোটারভিত্তি রয়েছে। দলীয় সমর্থন ও সাংগঠনিক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হতে পারবেন বলে আশাবাদী তাঁর সমর্থকেরা।
জ/দি