হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-04T10:40:39+06:00
2026-11-04T10:40:39+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
⏲ ১০:৪০ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকরা পিছু হটে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। বুধবার সকালে হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার কয়েকটি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আশুলিয়ার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, আশুলিয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে হেমায়েতপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাঁর কাছে তথ্য নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত