স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার সিঙ্গাপুর পোর্ট অথরিটি (পিএসএ ইন্টারন্যাশনাল)–এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও পরিচালনার অগ্রগতি তুলে ধরেন। বে টার্মিনাল বাস্তবায়নে পিএসএ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ডেরেক লো বলেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের শিপিং খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ইতিবাচক প্রভাব পড়বে তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের সামগ্রিক কল্যাণেও। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়, ইনভেস্ট বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
সিঙ্গাপুরের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সাইবার স্পেসের নিরাপত্তা, ডিজিটাল জালিয়াতি ও অনলাইন প্রতারণা (স্ক্যাম) প্রতিরোধে বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর অনুরোধ জানান সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ পুলিশে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ‘পুলিশ সাইবার ইউনিট’ গঠনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে সিঙ্গাপুরের প্রতিনিধি দল প্রশিক্ষণ এবং যৌথ সাইবার তদন্তে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেয়।
এ ছাড়া সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রামের (এসসিপি) আওতায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও তরুণ সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সফর এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন হাইকমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান।
বৈঠকে উভয় পক্ষ দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, পিএসএ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান ওং জি পিং, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি বেঞ্জামিন চু, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার মৃথিনী ত্যাগরাজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ