সরকার নিজেদের পাহাড়সম অদক্ষতা আড়াল করতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তাঁর কারামুক্তির পর সেখানে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলছে। কারও রক্তচক্ষু উপেক্ষা করেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, যারা ‘বসন্তের কোকিল’ হয়ে সরকারের কাঁধে চড়ে তাকে বিপথে পরিচালিত করছে, সরকার বিপদে পড়লে তাদের কাউকেই পাশে পাওয়া যাবে না।
সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কোনো অপরাধী না থাকলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো, সে প্রশ্নও তোলেন তিনি।
জ/উ