গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-02T16:53:54+06:00
2026-11-02T16:53:54+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৩ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভারের আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীদের মালিকানাধীন কয়েকটি পোশাক কারখানার মালিকেরা এ খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছেন। তাদের চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপতৎপরতা চালাচ্ছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার নরসিংহপুর ও জিরাবো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে।

পরে বেলা সোয়া ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুরের বিভিন্ন এলাকাতেও একই ধরনের উত্তেজনা দেখা দেয়। বেলা পৌনে ১২টার দিকে নাওজোর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার শিকার হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সংবাদকর্মী।

এর আগে সকাল ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য।

এ ছাড়া গাজীপুরের সফিপুর ও টঙ্গীসহ কয়েকটি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের অবস্থানের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশের দাবি, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও অপতৎপরতা চালাচ্ছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানায় নাশকতা ও ভাঙচুর ঠেকাতে শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনে অনেক বহিরাগত দুষ্কৃতকারী যোগ দিয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টাও চলছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত