পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রায় ২৫০ শিক্ষার্থী মাঠে গিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শিক্ষার্থীরা প্রথমে মাঠের প্রবেশপথে থাকা বড় গেটটি ভেঙে ফেলেন। এরপর এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের জন্য নির্মিত বিভিন্ন স্টল ও সেগুলোর টিনের অংশ ভাঙচুর করেন। এ সময় মাঠের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। এ জন্য সেখানে প্রবেশপথের গেট ও বিভিন্ন স্টল নির্মাণ করা হয়েছিল। সোমবার শিক্ষার্থীরা এসব স্থাপনাতেই ভাঙচুর চালান।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা। খেলাধুলা, শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জায়গাটি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।
তারা জানান, মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে সেখানে নিয়মিত শিক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।
সরকারের পক্ষ থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই জায়গাটি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন শেকৃবির শিক্ষার্থীরা। এর আগে দুই দফায় মাঠটিতে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবারের ঘটনাসহ এ নিয়ে মোট তিন দফা ভাঙচুরের ঘটনা ঘটল।
এদিকে পুলিশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মেলা আয়োজকদের গণপূর্ত অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমতি ছিল। সেই অনুমতির ভিত্তিতেই মাঠটিতে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
জ/দি