নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) বিকেলে মিন্টুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আমীর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক সেদিন রিমান্ড শুনানি না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মিন্টুকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।
ওসি আরও বলেন, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমানকে (২৫) আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করেন। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।
শাকিলের পারিবারিক সূত্র জানায়, হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই দিন রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত করছে ডিবি। একই সঙ্গে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর সংসদ সদস্য আবদুল আজিজকে ঘিরে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে অসন্তোষ দেখা দেয়। বুধবার সকাল থেকে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে সংসদ সদস্য আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নাটোর জেলা বিএনপির নেতাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
আবদুল আজিজের কথিত নৈতিক স্খলনের বিষয়ে করণীয় নির্ধারণে জেলা বিএনপি টানা আট ঘণ্টার বৈঠক করে। সেখানে শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে থাকা এমপিপুত্র মিন্টুর সংশ্লিষ্টতার অভিযোগ এবং আবদুল আজিজের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাম্প্রতিক ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের পর নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।
পরে দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে আবদুল আজিজের বিরুদ্ধে জেলা কমিটির পক্ষ থেকে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সার্বিক বিষয় কেন্দ্রীয় বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত নেন নেতারা।
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমরা সবগুলো ঘটনা নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে আবদুল আজিজের পরিচয় তিনি জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি একজন সংসদ সদস্য। তাই গঠনতন্ত্র অনুযায়ী কোনো যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা কমিটির নেই। সর্বসম্মতিক্রমে এ বিষয়ে যেকোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দলের উচ্চপর্যায়ের ওপর ন্যস্ত করা হয়েছে।’
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড় এলাকার বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং অপরাধী যে-ই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
জ/দি