বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি ও যৌথ অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, এর আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, এ সমঝোতার মাধ্যমে যৌথভাবে তেল শোধনাগার ও এলএনজি অবকাঠামো নির্মাণের পাশাপাশি বাংলাদেশে কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের সম্ভাবনাও তৈরি হবে।
বৈঠকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগকে অগ্রাধিকার দিতে দেশটির প্রেসিডেন্ট তাঁকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছিলেন।
এদিকে, বাংলাদেশের জ্বালানি খাতের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়ার পেট্রোলিয়াম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বাংলাদেশি প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজন করতে আগ্রহী।
বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
দুই দেশের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তাঁরা।
বাংলাদেশের সার আমদানির চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আহমেদ আত্তাফ। এ ছাড়া আলজেরিয়ার বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।
দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। এ বিষয়ে পরবর্তী বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই মন্ত্রী।
জ/শা