ইরানকে কোনোভাবেই সহায়তা করছে না চীন-রাশিয়া, বিশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-13T19:51:44+06:00
2026-10-13T19:51:44+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানকে কোনোভাবেই সহায়তা করছে না চীন-রাশিয়া, বিশ্বাস ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৫১ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইরানকে চীন ও রাশিয়া কোনো ধরনের সহায়তা করছে না বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরানকে সহায়তা করলে মস্কো ও বেইজিংয়ের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। তাই দেশ দুটি এমন পদক্ষেপ নেবে বলে মনে করেন না তিনি।

গতকাল সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, তাঁর সমালোচক ও বিরোধীরা দাবি করছেন, চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে। তবে এমনটা হয়ে থাকলেও সেই সহায়তা খুবই সীমিত পর্যায়ে বলে মনে করেন তিনি।

ট্রাম্প লেখেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তা খুবই সামান্য পর্যায়ে। তবে আমি বিশ্বাস করি না, তারা আদৌ তা করছে। তাদের হারানোর ঝুঁকি অনেক বেশি। আর তারা এমন কিছু করলে আমরা তা জানতে পারব, খুব দ্রুতই।’

এর আগে গত জুলাইয়ে ইরান যুদ্ধের মধ্যে তেহরানকে সহায়তা না করার বিষয়ে চীন ও রাশিয়ার ওপর আস্থা থাকার কথা জানিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে-এমন দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

যুদ্ধ চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘নিরপেক্ষ’ হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। অন্যদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে চীন।

গত মাসে ওয়াশিংটন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় ইরানকে সহায়তা না করতে তাঁকে সতর্ক করেছিলেন ট্রাম্প। সে সময় চীন এমন কোনো সহায়তা দেবে না বলে আশ্বাস দিয়েছিল বলে জানিয়েছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

তবে এরই মধ্যে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পাশাপাশি, চীনের সহায়তায় ইরান তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত সেপ্টেম্বরে এ ধরনের একটি প্রতিবেদন নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জুলাইয়ে জর্ডানে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে হামলার আগে চীনের কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে না-ট্রাম্পের এমন দাবির বিপরীতে তেহরানের সঙ্গে দেশ দুটির ঘনিষ্ঠ সম্পর্ক এবং সহযোগিতার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত