ইয়েমেনের রাজধানী সানায় ‘বিশেষ অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ কারণে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মানচিত্র প্রকাশ করে সরে যাওয়ার নির্দেশনা জারি করা হয়। মানচিত্রে সানার ইয়েমেনি তেল কোম্পানি বা আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন এলাকা চিহ্নিত করা হয়েছে। মুখপাত্র সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান।
এ ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, সানায় কোনো হামলা হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।
গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে সৌদি পক্ষ। সূত্র: আলজাজিরা।
জ/উ