সচিবালয়ে এমপিদের গাড়িতে ব্যক্তিগত কর্মকর্তা ও চালক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T12:42:52+06:00
2026-10-13T12:42:52+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সচিবালয়ে এমপিদের গাড়িতে ব্যক্তিগত কর্মকর্তা ও চালক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৪২ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকছে না। সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় তাঁদের সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে নিতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও প্রবেশের অনুমোদন যথাযথভাবে যাচাই করতে হবে।

সচিবালয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির প্রবেশের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থাপনায় উদ্বেগ তৈরি করেছে। অনেক সময় একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন সংসদ সদস্যরা। তাঁদের সবাই সংশ্লিষ্ট কাজে অনুমোদিত কি না, তা যাচাই করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। প্রয়োজনীয় যাচাই ছাড়াই বা অনুমোদন না থাকা ব্যক্তিদের প্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার পাশাপাশি তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত