নেতৃত্বে আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে যেকোনো চুক্তি বা জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বিজ মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদীর পানি ব্যবস্থাপনা ও সহযোগিতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক বৈধতা ছাড়া শক্তিশালী অবস্থান থেকে কোনো বিষয়ে আলোচনা বা দরকষাকষি করা কঠিন হয়ে পড়ে।
হুমায়ুন কবির বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার সদিচ্ছা রয়েছে। তবে দ্বিপক্ষীয় অংশীদারের কাছ থেকেও একই মাত্রার সহযোগিতা ও অঙ্গীকার প্রয়োজন।
ভারতের সঙ্গে পানি সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থকে সামনে রেখে আলোচনা করবে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায্য ও ন্যায়সংগত পানি বণ্টনের বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে।
তিনি জানান, পানি চুক্তি নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
জ/উ