গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো এশিয়ান গেমস শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হয় প্যারা এশিয়ান গেমস। এশিয়ান গেমসে বাংলাদেশ ২২টি ডিসিপ্লিনে অংশ নিলেও প্যারা এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ছয়টি ডিসিপ্লিনে। আজ বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশের ১২ জন অ্যাথলেটের হাতে জার্সি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশা রয়েছে। দুই দিন আগে শেষ হওয়া ওই আসরে বাংলাদেশ ২২টি ডিসিপ্লিনে অংশ নিলেও অর্জন করতে পেরেছে মাত্র একটি ব্রোঞ্জ পদক। ক্রিকেট থেকে পদকের প্রত্যাশা থাকলেও নারী ও পুরুষ ক্রিকেট দল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই সময়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পারফরম্যান্সও হতাশাজনক ছিল।
তবে খেলাধুলায় হার-জিত থাকলেও শৃঙ্খলা এবং খেলাকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় আক্ষেপ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ-এই ধারণায় উজ্জীবিত থাকতে হবে।’
এশিয়ান গেমসের মতো বড় আসরে প্রত্যাশিত পদক না পাওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনার বিষয়টিও বিশ্লেষণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য একটি কমিটি গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আমিনুল হক বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন করানো হবে। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব। এর মাঝে টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণ করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দেরও জবাবদিহিতা করতে হবে।’
এদিকে প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশ আরচ্যারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বৌচি-এই ছয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। গেমসকে সামনে রেখে বাংলাদেশ দল ৭০ দিনের অনুশীলন করেছে।
প্যারা এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের চৈতী রাণী এবং আরচ্যারির ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে। এবারের আসরে বাংলাদেশের অ্যাথলেটের সংখ্যা ১২ জন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অ্যাথলেটদের সহযোগিতার জন্য আরও ছয় থেকে সাতজন সদস্য দলের সঙ্গে যাচ্ছেন।
প্রতিটি খেলায় একজন করে কোচ থাকছেন। এ ছাড়া মোট পাঁচজন কোচ রয়েছেন। প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ দলের মোট কন্টিনজেন্ট ৩২ জনের।
জ/উ