ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-07T20:06:49+06:00
2026-10-07T20:06:49+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৬ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশে ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার আক্রান্ত রোগীরা নিজ নিজ এলাকার কাছাকাছি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ঢাকায় চিকিৎসা নিতে আসা রোগীর চাপও কমবে।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণকে সরকার গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি দেশে রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর আনার পরিকল্পনা রয়েছে।

দেশব্যাপী বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তনের পাশাপাশি ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন ও নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত