আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের অপরাধের জন্য লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তবে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি দেখলেন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। শাস্তির প্রতীক সেই দুই কার্ডই এবার উপহার হিসেবে পেলেন আর্জেন্টাইন মহাতারকা।
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর মাঠজুড়ে ছিল মেসিকে ঘিরে ক্যামেরার আলো। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন অধিনায়কের দিকে এগিয়ে আসেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।
তার হাতে ছিল বিশেষ একটি উপহার। খেলোয়াড়দের শাস্তি দিতে ব্যবহৃত লাল ও হলুদ কার্ডের একটি সেট মেসির হাতে তুলে দেন তিনি।
তবে কার্ড দুটি কোনো শাস্তির প্রতীক ছিল না। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানাতেই এগুলো উপহার দেন ভেখার। ম্যাচের স্মারক হিসেবে কার্ড দুটি নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ী ম্যাচটিও মেসির জন্য ছিল স্বপ্নের মতো। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন মেসি।
ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে তার নামের পাশে যোগ হয় ১ গোল ও ২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলতে নেমে নিজের শেষ আন্তর্জাতিক গোলটিও করেন তিনি।
আলবিসেলেস্তেদের হয়ে মেসির ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০টি অ্যাসিস্ট নিয়ে। বিদায়ী ম্যাচটিকে আরও স্মরণীয় করে রাখতে শুধু লাল-হলুদ কার্ডই নয়, ম্যাচে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়।
জ/শা