শি জিনপিংয়ের বিশ্রামের জন্য কমানো হয়েছিল ট্রাম্পের সঙ্গে কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-05T18:18:44+06:00
2026-10-05T18:18:44+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
শি জিনপিংয়ের বিশ্রামের জন্য কমানো হয়েছিল ট্রাম্পের সঙ্গে কর্মসূচি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:১৮ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য দীর্ঘ বিরতির ব্যবস্থা চেয়েছিল বেইজিং। চীনা প্রতিনিধিদলের বারবার এমন অনুরোধের কারণে দুই নেতার পূর্বনির্ধারিত কর্মসূচি থেকে কয়েক ঘণ্টা সময় কমাতে হয় বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে।

পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কর্মসূচির মাঝখানে শি জিনপিংয়ের বিশ্রামের জন্য হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে একটি ব্যক্তিগত কক্ষ রাখার দাবি জানিয়েছিল চীনা প্রতিনিধিদল। ওই কক্ষে শি জিনপিংয়ের সঙ্গে শুধু তার স্ত্রী পেং লিউয়ানকে প্রবেশের অনুমতি দেওয়ার কথাও জানানো হয়।

সফরের একমাত্র পূর্ণ কার্যদিবস ২৪ সেপ্টেম্বর ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি যৌথ মধ্যাহ্নভোজের আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চীনা কর্মকর্তারা সেই দ্বিপক্ষীয় মধ্যাহ্নভোজের প্রস্তাব বাতিল করে দেন। তাদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। সূচিতে এসব পরিবর্তনের ফলে দুই দিনেরও কম সময়ের সফরে প্রায় পাঁচ ঘণ্টার একটি বড় বিরতি তৈরি হয়।

বেইজিং থেকে প্রায় ১৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছান শি জিনপিং। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় তার আগমনের প্রথম সন্ধ্যায় কোনো কর্মসূচি রাখা হয়নি। এদিকে ২৫ সেপ্টেম্বর ন্যাশনাল আর্কাইভসে তার নির্ধারিত পরিদর্শনও মার্কিন কর্মকর্তাদের মূল পরিকল্পনার তুলনায় অনেক সংক্ষিপ্ত করা হয়। শেষ পর্যন্ত মাত্র ১০ মিনিটে ওই পরিদর্শন শেষ হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং কতক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারবেন এবং কখন তার বিশ্রামের প্রয়োজন হতে পারে—মূলত এসব শারীরিক বিষয় বিবেচনায় নিয়েই তার সফরের সময়সূচি সাজিয়েছিল চীনা দল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সিনিয়র চায়না ডিরেক্টর ডেনিস উইল্ডার শি জিনপিংয়ের জন্য ব্যক্তিগত বিশ্রামকক্ষের ব্যবস্থাকে বেশ অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, এর আগে তিনি যেসব রাষ্ট্রীয় সফরের আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন, সেসবের তুলনায় এবার চীনা পক্ষের এমন ব্যবস্থা একেবারেই নজিরবিহীন।

২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প ও শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক দুপুর ১২টার কাছাকাছি শুরু হয় এবং বিকেলের শুরুতেই শেষ হয়ে যায়। বৈঠক শেষে শি জিনপিং হোয়াইট হাউস ত্যাগ করেন। পরে রাতে নির্ধারিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিতে তিনি আবার সেখানে ফিরে আসেন।

সূচি এভাবে সংকুচিত করার ফলে দুই শীর্ষ নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগও অনেকটা সীমিত হয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুরো সফরজুড়েই শি জিনপিংয়ের চলাফেরায় বাড়তি সতর্কতা দেখা গেছে। বিমান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় এবং ন্যাশনাল আর্কাইভসের সিঁড়ি বেয়ে ওঠার সময় তাকে স্ত্রী পেং লিউয়ানের হাত ধরে সাবধানে হাঁটতে দেখা যায়।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সূচির পরিবর্তনের বড় একটি কারণ দীর্ঘ বিমানযাত্রার কারণে তৈরি হওয়া ‘জেট ল্যাগ’ও হতে পারে। পাশাপাশি বিশ্লেষকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্য উপস্থিতি বা বিভিন্ন কর্মসূচিতে শি জিনপিংয়ের মানসিক কিংবা জ্ঞানীয় সক্ষমতা কমে যাওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি। সূত্র: ওয়াশিংটন পোস্ট

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত