চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় এক অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, এম আর কনজিউমারস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নকল ঘি উৎপাদন করায় জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা, পারভিন ট্রেডার্স নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামের এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জ/রা