আলজেরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-05T16:56:17+06:00
2026-10-05T16:56:17+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
আলজেরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৬ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উভয় পক্ষ মনে করে, এ উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজেরিয়ার রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত