বিরোধী দলকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-05T16:25:53+06:00
2026-10-05T16:25:53+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বিরোধী দলকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:২৫ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে শুধু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই নতুন যাত্রা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সংসদ বা আইনসভা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সর্বোচ্চ প্রতিষ্ঠান। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

বাংলাদেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিক দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, বাংলাদেশের মতো মন্টেনিগ্রোর পার্লামেন্টও এককক্ষবিশিষ্ট। দেশটির সংসদে মোট সদস্য ৮১ জন।

দুই দেশের আইনসভার মধ্যে সম্পর্ক আরও জোরদার, সংসদীয় চর্চা বিনিময় এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়াতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের আগ্রহ প্রকাশ করেন গর্ডান স্টোজোভিক। তার প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ডেপুটি স্পিকার দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশ্বাস দেন।

মন্টেনিগ্রোর এই সংসদ সদস্য আরও জানান, দেশটির সংসদীয় কমিটিগুলো অত্যন্ত শক্তিশালী। এসব কমিটি সরকারের নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত