ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।
এর আগে রোববার (৪ অক্টোবর) ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জ/উ