সুদ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫)
একজন মুসলিমের উচিত সুদভিত্তিক লেনদেন থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা। কিন্তু কোনো ব্যাংক হিসাবের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ যুক্ত হয়ে গেলে সেই টাকা নিয়ে কী করবেন, এ প্রশ্ন অনেকেরই থাকে। বিশেষ করে দরিদ্র আত্মীয় থাকলে তাদের দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়।
ফেকাহবিদদের মতে, সুদের অর্থ নিজ কোনোভাবে ভোগ করতে পারবে না, একান্ত প্রয়োজন দেখা দিলে দরিদ্র ও অভাবী মানুষকে দিয়ে দেওয়া যেতে পারে। তবে সুদের টাকা দরিদ্র কাউকে দিলে তা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে না; বরং হারাম অর্থ থেকে নিজেকে মুক্ত করার একটি উপায় হিসেবে বিবেচিত হবে।
দরিদ্র আত্মীয়কে দেওয়া যাবে?
কোনো আত্মীয় যদি সত্যিই অভাবী হন এবং তার প্রয়োজন পূরণের মতো সম্পদ না থাকে, তাহলে তাকে সুদের অর্থ দেওয়া যেতে পারে, এমন মত হানাফি ফিকহের একাধিক ফতোয়ায় পাওয়া যায়। দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়ায় বলা হয়েছে, আত্মীয় দরিদ্র ও জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে সুদের অর্থ দেওয়া বৈধ; তবে অর্থ দেওয়ার সময় সওয়াবের নিয়ত করা যাবে না।
অর্থাৎ, দরিদ্র ভাই, বোন, চাচা, ফুফু, মামা বা অন্য কোনো আত্মীয় প্রয়োজনের মধ্যে থাকলে তাকে এই অর্থ দিয়ে সহায়তা করা যেতে পারে। তবে আত্মীয় হওয়াই যথেষ্ট নয়; তাকে প্রকৃতপক্ষে অভাবী হতে হবে।
কীভাবে দেওয়া উচিত?
সুদের অর্থ দেওয়ার সময় এই নিয়ত করা যাবে না যে, ‘আমি সদকার সওয়াব পাওয়ার জন্য দিচ্ছি।’ বরং নিয়ত হবে, হারাম অর্থ নিজের সম্পদ থেকে সরিয়ে দেওয়া এবং একজন অভাবী মানুষের প্রয়োজন পূরণে তা পৌঁছে দেওয়া।
আর যদি সেই আত্মীয়ের ওপর নিজের ভরণপোষণের দায়িত্ব শরিয়ত অনুযায়ী বর্তায়, তাহলে নিজের সেই দায়িত্ব পালনের পরিবর্তে সুদের টাকা ব্যবহার করা ঠিক হবে না। কারণ এতে নিজের ওপর থাকা আর্থিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
আত্মীয়ের প্রয়োজনটিও বিবেচ্য
অভাবী আত্মীয়ের চিকিৎসা, খাবার, পোশাক, শিক্ষা বা জরুরি প্রয়োজন মেটাতে এই অর্থ দেওয়া যেতে পারে। তবে বিলাসী বা অপ্রয়োজনীয় কাজে ব্যয়ের জন্য এমন অর্থ দেওয়া সমীচীন নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সুদভিত্তিক হিসাব বা বিনিয়োগ চালু রাখা যাবে না। অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ এসে গেলে তা দ্রুত নিজের সম্পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
জ/উ