‘মুন্না ভাই’ হয়ে ফিরলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-04T18:20:21+06:00
2026-10-04T18:20:21+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
‘মুন্না ভাই’ হয়ে ফিরলেন সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্ক
⏲ ৬:২০ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সম্প্রতি কমেডিয়ান-অভিনেতা শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এর গান্ধী জয়ন্তী বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে ভারত নিয়ে নিজের ভাবনা জানান এই অভিনেতা। পাশাপাশি একটি ব্যঙ্গাত্মক স্কেচে তাঁর জনপ্রিয় চরিত্র ‘মুন্না ভাই’কে আবারও হাজির করেন তিনি।

সঞ্জয় দত্তের সংযুক্ত আরব আমিরাতের ১০ বছরের ‘গোল্ডেন ভিসা’ রয়েছে। সময় ভাগ করে তিনি মুম্বাই ও দুবাইয়ে থাকেন। দুবাইয়ে থাকেন তাঁর স্ত্রী মান্যতা এবং যমজ সন্তান শাহরান ও ইকরা। অনুষ্ঠানে দত্ত জানান, ভারতে তিনি এখন আর আগের মতো শান্তি অনুভব করেন না। শিবজির কাছে প্রার্থনা করেন, সেই দিনগুলো যেন দ্রুত ফিরে আসে।

কমেডি স্কেচ শুরুর আগে ভারত নিয়ে কথা বলতে গিয়ে দত্ত বলেন, তিনি দেশে আরও শান্তি দেখতে চান। তাঁর ভাষায়, ভারতের মানুষ খুবই চমৎকার এবং দেশে শান্তি থাকা উচিত। তিনি বলেন, ‘আমি আমাদের দেশে আর সেই শান্তি অনুভব করতে পারি না। আমরা ভারতীয়রা উদার মনের মানুষ এবং আমরা অতিথিপরায়ণ। আমরা অনেক কিছু দিয়েছি এবং আমাদের সবসময় এমনই থাকা উচিত।’ তবে ভারত কী ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী ‘মুন্না ভাই’
এরপর শেখর সুমন সঞ্জয় দত্তকে পাঁচ মিনিটের জন্য নিজেকে ভারতের প্রধানমন্ত্রী কল্পনা করে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিতে বলেন। জবাবে দত্ত রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) ও ‘লাগে রহো মুন্না ভাই’ (২০০৬) সিনেমার মুম্বাইয়ের গ্যাংস্টার ‘মুন্না ভাই’ চরিত্রের ভঙ্গি ধরে রাখেন।

তিনি শুরু করেন, ‘চলো দেশে অন্তত কিছু তো হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আজ আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি খুবই খুশি।’

এরপর মজা করে তিনি প্রতিশ্রুতি দেন, এই আনন্দ উদযাপনের জন্য দেশ ছেড়ে কোথাও যাবেন না। তাঁর বক্তব্য ছিল, ‘মানে, এত বড় দেশ, এত মানুষ আর এখন সবার দায়িত্ব আমার কাঁধে। তবে আপনারা একদম টেনশন নেবেন না। অপুন ইস খুশি কো সেলিব্রেট করনে ভিদেশ না জানে ওয়ালা হ্যায়। আপুন ইধারিচ রাহেগা, আপন সব লগন কে বিচ। নাহি টু পিএম অর জনতা মে কানেকশন ক্যাসে বনেগা।’

অর্থাৎ, দেশটি বিশাল, মানুষের সংখ্যাও অনেক এবং এখন সবার দায়িত্ব তাঁর কাঁধে। তবে কারও চিন্তা করার প্রয়োজন নেই। আনন্দ উদযাপনের জন্য তিনি বিদেশে যাচ্ছেন না, বরং জনগণের মাঝেই থাকবেন। তা না হলে প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যে সংযোগ কীভাবে তৈরি হবে-এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যম সঞ্জয় দত্তের এই বক্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের প্রতি ব্যঙ্গ বা খোঁচা হিসেবে ব্যাখ্যা করেছে। পুরো স্কেচজুড়েই দত্ত তাঁর পরিচিত অতি-নাটকীয় ‘মুন্না ভাই’ চরিত্রে অভিনয় করেন।

‘ট্রাম্প মামু’র উদ্দেশে বার্তা
স্কেচে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গও। ‘মুন্না ভাই’ চরিত্রে থেকেই দত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ বলে সম্বোধন করেন।

মুম্বাইয়ের কথ্য ভাষায় পুরুষদের ক্ষেত্রে ‘মামু’ শব্দটি ব্যবহার করা হয়, যার আক্ষরিক অর্থ মায়ের ভাই বা মামা। ট্রাম্পের শুল্কনীতি নিয়েও রসিকতা করেন দত্ত। পাশাপাশি তিনি বলেন, ট্রাম্পকে ‘গান্ধিগিরি’ শেখাতে আমেরিকায় যাবেন। ‘গান্ধিগিরি’ হলো অহিংস প্রতিবাদের সেই দর্শন, যা ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

ফিরছে কি ‘মুন্না ভাই’?
সঞ্জয় দত্তের এই উপস্থিতির পর ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় সিনেমা নিয়ে আবারও আগ্রহ তৈরি হয়েছে। ২০১৬ সালে প্রযোজক বিধু বিনোদ চোপড়া সিরিজটির নতুন সিক্যুয়েল তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে এখনো এর নির্মাণকাজ শুরু হয়নি।

সঞ্জয় দত্তকে সর্বশেষ মে মাসে মুক্তি পাওয়া রাজনৈতিক ড্রামা ‘আখরি সওয়াল’-এ দেখা গেছে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘৭ ডগস’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতে মুক্তির আগেই মধ্যপ্রাচ্যে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

বর্তমানে সঞ্জয় দত্ত ‘খলনায়ক রিটার্নস’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি তাঁর ১৯৯৩ সালের আলোচিত ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত