অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা এবং মানবিক সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আল-মদিনা ফাউন্ডেশন। এতিম শিশুদের আবাসন ও শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণসহ নানা সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মাদরাসা ও ইয়াতিমখানায় বর্তমানে প্রায় ৫০ জন এতিম শিশুর থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিনামূল্যে বা আংশিক বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি। এর অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন, দরিদ্র রোগীদের মধ্যে ওষুধ বিতরণ এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি অপারেশনের মতো কর্মসূচির মাধ্যমেও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করা হচ্ছে।
আল-মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মো. রোকন উদ্দিন বলেন, “দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা করছি।”
ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শোয়াইব আলম বলেন, “অসহায় মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি করার পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের স্বাবলম্বী করে তোলার মতো কার্যক্রম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন, গ্রন্থাগার স্থাপন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মানবিক সেবার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
আল-মদিনা ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর এস-১৪৩১০/২০২৫। ফাউন্ডেশনটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জ/উ