১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে স্বৈরাচারী সরকার: শামা ওবায়েদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-04T15:27:15+06:00
2026-10-04T15:27:15+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে স্বৈরাচারী সরকার: শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২৭ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় এগিয়ে নিচ্ছে।

গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য একটি অনন্য ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার সেখানে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার নির্বাচনী এলাকায় শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে সে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি-যে দলেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আনতেই হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তদবির বরদাশত করা হবে না। সাধারণ জনগণের ভালোবাসাই আমার একমাত্র শক্তি।’

সরকারের দায়িত্ব নেওয়ার পরের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ বহুমুখী চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক সংকটেরও মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে দেশকে বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, পূজাসহ যেকোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুযোগসন্ধানী ও ফ্যাসিবাদী দুষ্কৃতকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত