চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময় কর্তৃপক্ষ দীর্ঘদিনের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে মন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় হাসপাতাল নেই, সেসব স্থানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি বলেন, প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। হাসপাতালে শতভাগ চিকিৎসক উপস্থিত রয়েছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত রয়েছেন।
পরে মন্ত্রী হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজ নেন।
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন সাজেদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ